গীতসংহিতা 74
74
আসফের মস্কীল-গান।
1হে ঈশ্বর, তুমি চিরদিনের জন্য কেন আমাদের ত্যাগ করেছ?
তোমার চারণভূমির ভেড়াদের বিরুদ্ধে
কেন তোমার ক্রোধের আগুন ধূমিয়ে উঠছে?
2মনে করে দেখ তোমার সেই লোকদের কথা
যাদের তুমি অনেক কাল আগেই তোমার করে নিয়েছিলে,
যে বংশকে তুমি তোমার অধিকার হিসাবে মুক্ত করে এনেছিলে।
মনে করে দেখ সেই সিয়োন পাহাড়ের কথা
যাকে তুমি তোমার বাসস্থান করেছ।
3চিরকালের এই ধ্বংসস্তূপের দিকে
তুমি পা চালিয়ে এগিয়ে এস;
পবিত্র স্থানে সব কিছুই শত্রুরা ছারখার করে দিয়েছে।
4যেখানে তোমার সংগে আমাদের মিলন হত
সেই জায়গায় শত্রুরা গর্জন করে বেড়িয়েছে,
সেখানে তারা নিজেদের নিশান তুলেছে।
5অবস্থা দেখে মনে হয় যেন কেউ বনের গাছ কাটার জন্য
কুড়াল চালিয়েছিল।
6কুড়াল ও হাতুড়ি দিয়ে সমস্ত খোদাই করা কাজগুলো
তারা চুরমার করে দিয়েছে।
7তোমার পবিত্র স্থানে তারা আগুন লাগিয়েছে,
তোমার থাকবার জায়গা মাটির সংগে মিশিয়ে দিয়ে
অশুচি করেছে।
8তারা মনে মনে বলেছে,
“আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।”
ঈশ্বরের সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলো
তারা পুড়িয়ে দিয়েছে।
9আমাদের জন্য কোন আশ্চর্য কাজ করা হচ্ছে
এমন তো আর আমরা দেখি না;
কোন নবীও আর নেই;
এরকম যে আর কতদিন চলবে
তা আমাদের কেউ জানে না।
10হে ঈশ্বর, শত্রুরা আর কতদিন ঠাট্টা-বিদ্রূপ করবে?
চিরদিনই কি শত্রুরা তোমার নামের অপমান করবে?
11কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ?
তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও।
12তবুও হে ঈশ্বর, অনেক কাল আগে থেকে তুমিই আমার রাজা;
তুমিই এই দুনিয়ার বুকে উদ্ধারের কাজ করছ।
13নিজের শক্তিতে তুমিই সাগরকে ভাগ করেছিলে;
তুমিই সাগরের মধ্যে ভেংগে দিয়েছিলে জল-দানবদের মাথা।
14লিবিয়াথনের মাথাগুলো তুমিই চুরমার করে দিয়েছিলে
আর তার দেহটা মরুভূমির প্রাণীদের খেতে দিয়েছিলে।
15তুমি ফোয়ারা ও ছোট নদীর পথ খুলে দিয়েছ;
অনেক কালের বয়ে যাওয়া নদী তুমিই শুকিয়ে ফেলেছ।
16দিন তোমার, রাতও তোমার;
চাঁদ-তারা ও সূর্য তুমিই স্থাপন করেছ।
17পৃথিবীর সব কিছুর সীমা তুমিই ঠিক করে দিয়েছ;
তুমিই শীত ও গ্রীষমকাল তৈরী করেছ।
18হে সদাপ্রভু, ভুলে যেয়ো না
শত্রুরা তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে,
অসাড়-বিবেক লোকেরা তোমার নামের অপমান করেছে।
19তোমার এই প্রিয় ঘুঘুকে
তুমি বুনো পশুর হাতে তুলে দিয়ো না;
তোমার অত্যাচারিত লোকদের জীবনের কথা
তুমি চিরদিন ভুলে থেকো না।
20তোমার ব্যবস্থার কথা তুমি ভেবে দেখ;
দেশের সব লুকাবার স্থানের অনেক বাসস্থান
অত্যাচারে ভরে উঠেছে।
21তুমি অত্যাচারিত লোকদের অপমানিত হয়ে
ফিরে আসতে দিয়ো না;
দুঃখী এবং অভাবী লোকেরা
তোমার নামের গৌরব করুক।
22হে ঈশ্বর, তুমি উঠে বিচার করবার জন্য
তোমার মামলা উপস্থিত কর;
ভুলে যেয়ো না অসাড়-বিবেক লোকেরা
সারা দিন তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে।
23তোমার শত্রুদের চেঁচামেচি,
তোমার বিরুদ্ধে তাদের যে হৈচৈ সব সময় চলছে,
তা ভুলে যেয়ো না।
Actualmente seleccionado:
গীতসংহিতা 74: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000