Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 45

45
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “শাপলা।” কোরহের বংশের মস্কীল-গান। প্রেমের গান।
1আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে;
রাজার উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে;
আমার জিভ্‌ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে।
2মানুষের মধ্যে তুমি পরম সুন্দর;
তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা;
ঈশ্বরের চিরকালের আশীর্বাদ তোমার উপর ঝরে পড়ছে।
3হে বীর, তোমার কোমরে তলোয়ার বেঁধে নাও;
গৌরব ও মহিমার সাজে তুমি সেজে নাও।
4সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষে
তুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর;
তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক।
5রাজার শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়;
তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।
6হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী;
তোমার শাসন ন্যায়ের শাসন।
7তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;
সেজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়ে
অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।
8গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধে
তোমার রাজপোশাক সুগন্ধময় হয়েছে;
হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজে
তা তোমাকে আনন্দ দেয়।
9তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন,
আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজে
তোমার ডান দিকে রয়েছেন।
10হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর।
তোমার লোকদের তুমি ভুলে যাও,
ভুলে যাও তোমার বাবার বাড়ীর কথা।
11তাহলে রাজা তোমার সৌন্দর্যে ধরা দেবেন;
তিনিই তোমার মনিব, তাঁকে নত হয়ে প্রণাম কর।
12সোর শহরের লোকেরা উপহার নিয়ে আসবে;
খুব ধনী লোকেরা তোমার দয়া চাইবে।
13রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে;
তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে।
14নক্‌শা তোলা পোশাকে তাঁকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে;
তাঁর পিছে থাকা কুমারী সংগিনীদেরও
তোমার কাছে নিয়ে যাওয়া হবে।
15আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে;
তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন।
16তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে;
মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে।
17বংশের পর বংশে আমি তোমার নাম বাঁচিয়ে রাখব;
সেইজন্য বিভিন্ন জাতি যুগের পর যুগ তোমার গৌরব করবে।

Actualmente seleccionado:

গীতসংহিতা 45: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Videos de গীতসংহিতা 45