হোসিয়া 7

7
ইসরাইলের গুনাহ্‌
1আমি যখন ইসরাইলকে সুস্থ করতে চাই, তখন আফরাহীমের অপরাধ ও সামেরিয়ার নাফরমানী প্রকাশ পায়; কারণ তারা প্রতারণার কাজ করে; ভিতরে চোর প্রবেশ করে, বাইরে দস্যুদল লুট করে। 2আর তাদের সমস্ত নাফরমানী যে আমার স্মরণে আছে, এই কথা তারা অন্তঃকরণে বিবেচনা করে না; এখন তাদের কাজগুলো তাদের ঘিরে ফেলেছে, আমার দৃষ্টিগোচরে যেসব রয়েছে। 3তারা নিজেদের নাফরমানী দ্বারা বাদশাহ্‌কে ও নিজেদের মিথ্যা কথা দ্বারা কর্মকর্তাদেরকে আনন্দিত করে। 4তারা সকলে পতিতাগামী, রুটি-ওয়ালার উত্তপ্ত তুন্দুর-স্বরূপ; ময়দা ছানলে পর খামি ফেঁপে না ওঠা পর্যন্ত রুটি-ওয়ালা আগুন উস্কায় না। 5আমাদের বাদশাহ্‌র উৎসবের দিনে কর্মকর্তারা অসুস্থ হওয়া পর্যন্ত আঙ্গুর-রসে উত্তপ্ত হল, সে নিন্দুকদের সঙ্গে হাত মিলাল। 6কারণ তারা যখন ঘাঁটি বসায়, তখন তুন্দুরের মত নিজেদের অন্তর প্রস্তুত করে, তাদের রুটি-ওয়ালা সমস্ত রাত ঘুমিয়ে থাকে, প্রাতঃকালে সেই তুন্দুর যেন প্রচণ্ড আগুনে জ্বলে। 7তারা সকলে তুন্দুরের মত উত্তপ্ত এবং নিজেদের শাসনকর্তাদের গ্রাস করে; তাদের সকল বাদশাহ্‌দের পতন হয়েছে; তাদের মধ্যে কেউই আমাকে আহ্বান করে না।
8আফরাহীম তো জাতিদের সঙ্গে মিশে গেছে; আফরাহীম এক দিক পুড়ে যাওয়া পিঠার মত। 9বিদেশীরা তার বল গ্রাস করেছে, কিন্তু সে তা জানে না; তার মাথার নানা জায়গায় চুল পেকেছে; কিন্তু সে তাও জানে না। 10ইসরাইলের অহংকার তার মুখের উপরে প্রমাণ দিচ্ছে; এমন হলেও তারা নিজেদের আল্লাহ্‌ মাবুদের প্রতি ফেরে নি ও তাঁর খোঁজ করে নি।
জাতিদের উপর অর্থহীন নির্ভরতা
11হ্যাঁ, আফরাহীম অবোধ কবুতরের মত হয়েছে, সে বুদ্ধিহীন, লোকেরা মিসরকে আহ্বান করে, আশেরিয়া দেশ গমন করে। 12তারা যখন যাবে, আমি তাদের উপরে আমার জাল বিস্তার করবো; আসমানের পাখির মত তাদেরকে নামিয়ে আনবো; তাদের মণ্ডলী যেমন শুনেছে, তেমনি আমি তাদের শাস্তি দেব। 13ধিক্‌ তাদেরকে! কেননা তারা আমার কাছ থেকে চলে গেছে; তাদের সর্বনাশ! কেননা তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে; আমি তাদেরকে মুক্ত করতাম, কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। 14তারা অন্তঃকরণের সঙ্গে আমার কাছে কান্নাকাটি করে নি, কিন্তু নিজ নিজ বিছানায় হাহাকার করে; তারা শস্য ও আঙ্গুর-রসের জন্য একত্র হয় ও আমাকে ছেড়ে বিপথে গমন করে। 15আমিই তো শিক্ষা দিয়ে তাদের বাহু সবল করেছি; তবুও তারা আমারই বিরুদ্ধে কুকল্পনা করে। 16তারা ফিরে আসে বটে, কিন্তু যিনি ঊর্ধ্বস্থ, তাঁর প্রতি নয়; তারা বাকানো ধনুকের মত; তাদের কর্মকর্তারা নিজ নিজ জিহ্বার দুঃসাহসের জন্য তলোয়ারের আঘাতে মারা পড়বে, এ-ই মিসর দেশে তাদের পক্ষে উপহাস।

Valgt i Øjeblikket:

হোসিয়া 7: BACIB

Markering

Kopiér

Sammenlign

Del

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind