রোমীয় 6
6
খ্রীষ্টের সংগে জীবিত থাকা
1তাহলে কি আমরা এই বলব যে, ঈশ্বরের দয়া যেন বাড়ে সেইজন্য আমরা পাপ করতে থাকব? 2নিশ্চয়ই না। পাপের দাবি-দাওয়ার কাছে তো আমরা মরে গেছি; তবে কেমন করে আমরা আর পাপের পথে চলব? 3এই কথা কি জান না যে, আমরা যারা খ্রীষ্ট যীশুর মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা তাঁর মৃত্যুর মধ্যে অংশ গ্রহণ করেই তা করেছি? 4আর সেইজন্য সেই বাপ্তিস্মের দ্বারা খ্রীষ্টের সংগে মরে আমাদের কবরও হয়েছে, যেন পিতা ঈশ্বর তাঁর মহাশক্তি দ্বারা যেমন খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি।
5খ্রীষ্টের সংগে মরে যখন তাঁর সংগে আমরা যুক্ত হয়েছি তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তাঁর সংগে জীবিতও হব। 6আমরা জানি যে, আমাদের পাপ-স্বভাবকে অকেজো করবার জন্যই আমাদের পুরানো ‘আমি’কে খ্রীষ্টের সংগে ক্রুশে দেওয়া হয়েছে যেন পাপের দাস হয়ে আর আমাদের থাকতে না হয়; 7কারণ যে মরেছে সে পাপের হাত থেকে ছাড়া পেয়েছে।
8আমরা যখন খ্রীষ্টের সংগে মরেছি তখন বিশ্বাস করি যে, তাঁর সংগে জীবিতও থাকব। 9আমরা জানি খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনও মরবেন না, অর্থাৎ তাঁর উপরে মৃৃত্যুর আর কোন হাত নেই। 10তিনি যখন মরলেন তখন পাপের দাবি-দাওয়ার কাছেও মরলেন; তাঁর উপর পাপের আর কোন দাবি-দাওয়া রইল না। আর এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছেন। 11ঠিক সেইভাবে এই কথার উপর নির্ভর কোরো যে, খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হয়েছ বলে পাপের দাবি-দাওয়ার কাছে তোমরাও মরেছ, আর এখন ঈশ্বরের জন্য তোমরাও বেঁচে আছ।
12এইজন্য তোমাদের এই মৃত্যুর অধীন দেহের উপর পাপকে আর রাজত্ব করতে দিয়ো না। যদি দাও তবে তোমাদের দেহের মন্দ ইচ্ছার অধীনেই তোমরা চলতে থাকবে। 13দেহের কোন অংশকে অন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে পাপের হাতে তুলে দিয়ো না। মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা লোক হিসাবে তোমরা বরং ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও এবং ন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে তোমাদের সম্পূর্ণ দেহকেই ঈশ্বরকে দিয়ে দাও। 14তোমরা তো পাপের দাস নও, কারণ তোমরা ঈশ্বরের দয়ার অধীন, আইন- কানুনের অধীন নও।
ন্যায়ের দাস
15কিন্তু আইন-কানুনের অধীনে না থেকে দয়ার অধীন হয়েছি বলে কি আমরা পাপ করব? নিশ্চয় না। 16তোমরা কি জান না যে, দাসের মত যখন তোমরা কারও হাতে নিজেদের তুলে দাও এবং তার আদেশ পালন করতে থাক তখন তোমরা আসলে তার দাসই হয়ে পড়? সেইভাবে হয় তোমরা পাপের দাস হয়ে মরবে, নয় ঈশ্বরের দাস হয়ে ন্যায় কাজ করবে। 17কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ যদিও তোমরা পাপের দাস ছিলে তবুও যে শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে সমস্ত অন্তর দিয়ে তোমরা তার বাধ্য হয়েছ। 18পাপের হাত থেকে ছাড়া পেয়ে তোমরা তো ন্যায়ের দাস হয়েছ।
19মানুষের দুর্বলতার জন্য আমি কথাগুলো মানুষ যেভাবে বুঝবে সেইভাবে বলছি। আগে তোমরা যেমন আরও বেশী করে অন্যায় কাজ করবার জন্য নিজেদের দেহকে অপবিত্রতার ও অন্যায়ের দাস করে তুলেছিলে, ঠিক সেইভাবে এখন পবিত্রতায় বেড়ে উঠবার জন্য তোমাদের দেহকে ন্যায় কাজের দাস করে তোলো।
20যখন তোমরা পাপের দাস ছিলে তখন ন্যায়ের দাস ছিলে না। 21আগেকার যে সব কাজের কথা ভেবে এখন তোমরা লজ্জা পাও সেই সব কাজ থেকে তোমাদের কি লাভ হত? তার শেষ ফল হল মৃত্যু। 22কিন্তু এখন তোমরা পাপের হাত থেকে ছাড়া পেয়ে ঈশ্বরের দাস হয়েছ। তাতে লাভ হল এই যে, তোমরা পবিত্রতায় বেড়ে উঠছ, আর তার শেষ ফল হল অনন্ত জীবন। 23পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন।
Chwazi Kounye ya:
রোমীয় 6: SBCL
Pati Souliye
Kopye
Konpare
Pataje
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
© The Bangladesh Bible Society, 2000