YouVersion Logo
Search Icon

উপদেশক 1

1
জীবনের রহস্য
1উপদেশকের কথামালা। এই উপদেশক ছিলেন দাউদের পুত্র এবং জেরুশালেমের রাজা।
2উপদেশক বলেনঃ সংসারে সবই দুর্বোধ্য, সব কিছুই হেঁয়ালি। 3সারাটি জীবন ধরে এত পরিশ্রম করে এ সংসারে কি পেলে তুমি? 4প্রজন্মের পর প্রজন্ম আসে, আবার চলেও যায়, কিন্তু জগত-সংসার যেমন ছিল তেমনই রয়ে যায়। 5সূর্য উদিত হয়, চলে যায় অস্তাচলে, আবার ফিরে আসে উদয়ের পথে। 6আপন প্রবাহ পথে বায়ু বয় উত্তর-দক্ষিণে, ঘুরে ঘুরে ফিরে আসে আবার আপন আবর্তে। 7নদী অবিরল ঢালে বারিধারা সাগরের বুকে, তবু তো সাগর হয় না পূর্ণ, আবার নদী ফেরে আপন উৎসমুখে। 8দেখে দেখে তবু নয়ন হয়নি ক্লান্ত, শত উপদেশেও শ্রবণ হয়নি শ্রান্ত। ভাষায় বোঝান যায় না এই গতানুগতিক ধারা। 9সংসারে যা ঘটেছিল, তা ঘটবে আবার, যা করা হয়েছিল, তা করবে পুনর্বার। এ বিশ্ব সংসারে, নতুন কিছুই নেই, সব পুরাতনই ফিরবে বারংবার। 10যদি বল, দেখ দেখ এ এক নতুন ব্যাপার! আমি বলব, ভুল, এ সবই ভুল। আদিকাল, থেকে ঘটছে এ সবই, নতুন কিছুই নেই। 11কেউ মনে রাখে না অতীতের স্মৃতি, রাখবে না মনে আগামীদিনের ঘটনাও, কোন কিছুই কাটবে না দাগ মানুষের মনে।
উপদেশকের অভিজ্ঞতা
12আমি, উপদেশক, রাজধানী জেরুশালেম থেকে ইসরায়েলীদের উপর রাজত্ব করেছি। 13আমি সঙ্কল্প করেছিলাম, এ জগত-সংসারে যা কিছু ঘটে, সে সবের নিগূঢ় তত্ত্ব বহু অনুসন্ধানে আমি হব অবগত প্রজ্ঞার আলোকে। 14এ জগতের সব ঘটনাই আমি দেখেছি, বুঝেছি, সবই দুর্বোধ্য, সবই হেঁয়ালি। 15কোঁকড়া চুল কি সোজা করা যায়? যা নেই তা কি কখনও গোণা যায়?
16মনে মনে ভাবলাম, মহাজ্ঞান আমি করেছি অর্জন। জেরুশালেমে আমার পূর্বসূরী যারা, তাঁদের চেয়েও আমি বিজ্ঞ; লাভ করেছি আমি পূর্ণ প্রজ্ঞা, পেয়েছি বহু অভিজ্ঞতা ও জ্ঞান।#১ রাজা 4:29-31 17আমি বোঝবার চেষ্টা করলাম, জ্ঞান ও অজ্ঞতায়, প্রজ্ঞা ও মূর্খতায় প্রভেদ কোথায়? আমি উপলব্ধি করলাম, বুঝলাম সবই দুর্বোধ্য, সব হেঁয়ালি, এ যেন আলেয়ার পিছনে ছোটা। 18জ্ঞানের বাহুল্যে দুঃখ বাড়ে প্রজ্ঞার আধিক্য আনে উদ্বেগের বিষম জ্বালা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in