YouVersion Logo
Search Icon

2 বংশাবলি। 3

3
মন্দির নির্ম্মাণ।
1পরে শলোমন যিরূশালেমে মোরিয়া পর্ব্বতে সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন; [সদাপ্রভু] সেই স্থানে তাঁহার পিতা দায়ূদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ূদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন; তাহা যিবূষীয় অর্ণানের খামার। 2তিনি আপন রাজত্বের চতুর্থ বৎসরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে নির্ম্মাণ কার্য্য আরম্ভ করিলেন। 3শলোমন ঈশ্বরের গৃহ নির্ম্মাণ করিতে যে মূল উপদেশ পাইয়াছিলেন, তদনুসারে হস্তের প্রাচীন পরিমাণে গৃহের দীর্ঘতা ষাট হস্ত ও প্রস্থ বিংশতি হস্ত করা হইল। 4আর গৃহের সম্মুখস্থ বারাণ্ডা গৃহের প্রস্থানুসারে বিংশতি হস্ত দীর্ঘ ও এক শত বিংশতি হস্ত উচ্চ হইল; আর তিনি ভিতরে তাহা নির্ম্মল স্বর্ণে মুড়াইলেন। 5তিনি বৃহৎ গৃহের গাত্র উত্তম স্বর্ণমণ্ডিত দেবদারু কাষ্ঠে আবৃত করিলেন ও তাহার উপরে খর্জ্জুরবৃক্ষ ও শৃঙ্খলাকৃতি করিলেন। 6আর শোভার নিমিত্ত গৃহটী মূল্যবান প্রস্তরে অলঙ্কৃত করিলেন; ঐ স্বর্ণ পর্বয়িম দেশের স্বর্ণ। 7আর তিনি গৃহ, গৃহের কড়িকাষ্ঠ, গোবরাট, ভিত্তি ও কবাট স্বর্ণে মুড়াইলেন, এবং ভিত্তির উপরে করূবাকৃতি ক্ষুদিলেন। 8আর তিনি অতি পবিত্র গৃহ নির্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘতা গৃহের প্রস্থের ন্যায় বিংশতি হস্ত ও প্রস্থ বিংশতি হস্ত; এবং তিনি ছয় শত তালন্ত উত্তম স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন। 9প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল স্বর্ণ। তিনি উপরিস্থ কুঠরী সকলও স্বর্ণ দ্বারা মুড়াইলেন।
10অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকালকার্য্য দ্বারা দুই করূব নির্ম্মাণ করিলেন; আর তাহা স্বর্ণে মুড়ান হইল। 11এই করূব দুইটীর পক্ষ বিংশতি হস্ত দীর্ঘ, একটীর পাঁচ হস্ত দীর্ঘ এক পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ অন্য পক্ষ দ্বিতীয় করূবেব পক্ষ স্পর্শ করিল। 12সেই করূবের পাঁচ হস্ত দীর্ঘ প্রথম পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ দ্বিতীয় পক্ষ ঐ করূবের পক্ষ স্পর্শ করিল। 13সেই করূব দুইটীর পক্ষ চতুষ্টয় বিংশতি হস্ত বিস্তারিত, তাহারা চরণে দণ্ডায়মান, এবং তাহাদের মুখ গৃহের দিকে ছিল। 14আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসীনা-সূত্র নির্ম্মিত তিরস্করিণী প্রস্তুত করিলেন ও তাহাতে করূবাকৃতি করিলেন।
15আর তিনি গৃহের সম্মুখে পঁয়ত্রিশ হস্ত উচ্চ দুই স্তম্ভ করিলেন, এক এক স্তম্ভের উপরে যে মাথলা তাহা পাঁচ হস্ত উচ্চ হইল। 16আর তিনি অন্তর্গৃহে শৃঙ্খল করিয়া সেই স্তম্ভের মস্তকে দিলেন, এবং এক শত দাড়িম্বাকৃতি করিয়া ঐ শৃঙ্খলের উপরে রাখিলেন। 17সেই দুইটী স্তম্ভ তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একটা দক্ষিণে ও অন্যটা বামে রাখিলেন, এবং যেটী দক্ষিণে, সেটীর নাম যাখীন [তিনি স্থির করিবেন] ও যেটী বামে, সেটীর নাম বোয়স [ইহাতেই বল] রাখিলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 বংশাবলি। 3