YouVersion Logo
Search Icon

গণনাপুস্তক 25

25
ইস্রায়েলীয়দের বিপথে যাওয়া
1শিটীম শহরের কাছে থাকবার সময় ইস্রায়েলীয়েরা মোয়াবীয় স্ত্রীলোকদের সংগে ব্যভিচার শুরু করেছিল। 2এই সব স্ত্রীলোকেরা তাদের দেব-দেবীর উদ্দেশে পশুবলির উৎসবে ইস্রায়েলীয়দের নিমন্ত্রণ করেছিল, আর ইস্রায়েলীয়েরাও তাদের সংগে খাওয়া-দাওয়া করে সেই সমস্ত দেবতাদের পূজা করেছিল। 3এইভাবে ইস্রায়েলীয়েরা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিতে লাগল। তাতে তাদের উপর সদাপ্রভুর ক্রোধের আগুন জ্বলে উঠল। 4সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমস্ত ইস্রায়েলীয় নেতাদের ধরে মেরে ফেল এবং দিনের আলোতে আমার সামনে তাদের দেহগুলো ফেলে রাখ। এতে ইস্রায়েলীয়দের উপর থেকে আমার সেই ভীষণ ক্রোধ দূর হবে।”
5তখন মোশি ইস্রায়েলীয় বিচারকর্তাদের বললেন, “তোমাদের অধীন যে সব লোকেরা পিয়োরের বাল দেবতার পূজায় যোগ দিয়েছে তাদের প্রত্যেককেই তোমাদের মেরে ফেলতে হবে।”
6এতে মোশি ও ইস্রায়েলীয়েরা সবাই যখন মিলন-তাম্বুর দরজার কাছে কান্নাকাটি করছিল সেই সময় একজন ইস্রায়েলীয় তাদের চোখের সামনে দিয়েই একজন মিদিয়নীয় স্ত্রীলোককে তার পরিবারের লোকদের মধ্যে নিয়ে গেল। 7-8পুরোহিত হারোণের নাতি ইলিয়াসরের ছেলে পীনহস এই ব্যাপার দেখে দল ছেড়ে হাতে বর্শা নিয়ে সেই ইস্রায়েলীয় লোকটির পিছনে পিছনে তার তাম্বুর ভিতরে গিয়ে ঢুকলেন এবং বর্শাটা তিনি সেই ইস্রায়েলীয় ও মিদিয়নীয় স্ত্রীলোকটির পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেন। এর পর ইস্রায়েলীয়দের মধ্য থেকে মড়ক দূর হল। 9কিন্তু যারা ঐ মড়কে মারা গেল তাদের সংখ্যা ছিল চব্বিশ হাজার।
10তখন সদাপ্রভু মোশিকে বললেন, 11“পুরোহিত হারোণের নাতি, অর্থাৎ ইলিয়াসরের ছেলে পীনহস ইস্রায়েলীয়দের উপর থেকে আমার ক্রোধ দূর করেছে। ইস্রায়েলীয়দের মধ্যে সে আমার পাওনা ভক্তি সম্বন্ধে আমারই মত আগ্রহী। তাই আমার পাওনা ভক্তি সম্বন্ধে আমার গভীর আগ্রহ থাকলেও আমি তাদের শেষ করে দিই নি। 12সেইজন্য তুমি তাকে বল যে, আমি তার জন্য একটা মংগলের ব্যবস্থা স্থাপন করছি। 13সে তার ঈশ্বরের পাওনা ভক্তি সম্বন্ধে আগ্রহী হয়ে ইস্রায়েলীয়দের পাপ ঢাকা দেবার কাজ করেছে বলে আমি তার জন্য এমন ব্যবস্থা স্থাপন করছি যাতে পুরোহিতের পদ তার ও তার বংশধরদের মধ্যে চিরকাল ধরে থাকে।”
14যে ইস্রায়েলীয় লোকটিকে সেই মিদিয়নীয় স্ত্রীলোকের সংগে মেরে ফেলা হয়েছিল তার নাম ছিল সিম্রি। সে ছিল শালূর ছেলে এবং শিমিয়োন-গোষ্ঠীর একটি বংশের নেতা। 15যে মিদিয়নীয় স্ত্রীলোকটিকে মেরে ফেলা হয়েছিল তার নাম ছিল কস্‌বী। সে ছিল মিদিয়ন দেশের সূর নামে একটি বংশের নেতার মেয়ে।
16পরে সদাপ্রভু মোশিকে বললেন, 17“মিদিয়নীয়দের তোমরা শত্রু হিসাবে দেখবে এবং তাদের মেরে ফেলবে, 18কারণ পিয়োরের দেবতার পূজা এবং কস্‌বীর ব্যাপার নিয়ে কৌশল খাটিয়ে তোমাদের ভুল পথে নিয়ে গিয়ে তারা তোমাদের শত্রু হয়েছে। তুমি তো জান যে, এই কস্‌বী ছিল তাদের আত্মীয়া এবং একজন মিদিয়নীয় সর্দারের মেয়ে। পিয়োরের বাল দেবতার পূজার ফলে যখন তোমাদের মধ্যে মড়ক দেখা দিয়েছিল তখন ঐ স্ত্রীলোকটিকে মেরে ফেলা হয়েছিল।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in